চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন এলাকায় মিছিল করার সময় ধাওয়া দিয়ে আইন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাগর ও সাধারণ সম্পাদ রেজাউল হায়াতকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আইন কলেজ ছাত্রদলের একটি মিছিল লাভ লেইন এলাকা হয়ে নাসিমন ভবনের সামনে এলে পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ব্যানার ফেলে পালিয়ে যাওয়ার সময় আইন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাগর এবং সাধারণ সম্পাদক রেজাউল হায়াতকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ অভিযোগ করে বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশ বিনা উস্কানিতে আইন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে। আমরা অবিলম্বের তাদের নিঃশর্ত মুক্তি চাই।’
এদিকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘পুলিশের অনুমতি না নিয়ে ছাত্রদল মিছিল বের করেছিল। তাই আইন কলেজ ছাত্রদলের দুই নেতাকে আটক করা হয়েছে।’
মাসুম/এমবি





