আগামীকাল ১৭ আগষ্ট (শনিবার) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। এর মধ্য দিয়ে এ বছর হাজীদের দেশে ফেরা শুরু হবে। আর ফিরতি হজ ফ্লাইট শেষ হবে ১৫ সেপ্টেম্বর (২০১৯)।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ ব্যবস্থার কাজে নিয়োজিত কর্মকর্তাসহ মোট হাজীর সংখ্যা ছিলো ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এরা সবাই দেশে ফিরবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজীদের দেশে ফেরা শুরু হবে। চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন। বাকিরা দেশে ফিরবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই।
৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯’র কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
চলতি বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা ২টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি এবং সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এমবি





