বরিশালের হিজলা উপজেলার একতাবাজার খেয়াঘাটে শনিবার রাতে গণপিটুনিতে ইউসুফ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের মালেক সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসির দাবি, তিনি জেলা ডাকাত দলের অন্যতম সদস্য। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরো দু'জন সহযোগী নদী সাঁতরে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন জানান, ট্রলারযোগে ইউসুফ তার সঙ্গীদের নিয়ে একতাবাজার খেয়াঘাটে পৌঁছালে সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পরই স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ধাওয়া দেয়। এ সময় ট্রলার রেখে নদী সাঁতরে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইউসুফকে ধরে ফেলে স্থানীয়রা। পরে স্থানীয়দের গনপিটুনিতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ইউসুফের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আজকের (শনিবারের) এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এআর