বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে রেজাউল করিম (৩৫) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বগুড়া-নাটোর সড়কের কাথম এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত রেজাউল করিম নন্দীগ্রাম উপজেলা সদরের মৃত ইসাহাক আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) এএইচএম ফয়জুর রহমান জানান, নন্দীগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরে আসছিল। বগুড়া-নাটোর সড়কের কাথম এলাকায় আসার পর দুর্বৃত্তরা অটোরিকশাটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে।
তিনি জানান, বোমাটি অটোরিকশার যাত্রী রেজাউল করিমের বাম চোখে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এন ইসলাম ফারুক জানান, রেজাউলের বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখে অস্ত্রপচারের উদ্যোগ নেয়া হয়েছে।
কেএইচ





