জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের মুনিগঞ্জ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর রক্ষা বাঁধ হয়ে শহরমুখী হওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে আর সামনের দিকে অগ্রসর হতে পারেনি। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, শেখ শাহেদ আলী রবি, সরদার লিয়াকত আলী, মো. মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার নতুন সম্প্রচার নীতিমালার মাধ্যমে দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। এই নীতিমালা দেশের মানুষ কোন অবস্থাতেই মেনে নেবে না। দেশবিরোধী এ নীতিমালা বাতিলের জন্য প্রয়োজনে আরো কঠোর আনোন্দাল করা হবে বলে জানান বক্তারা।
বাগেরহাট মডেল ওসি মো. আলী আজম খান জানান, বিক্ষোভ মিছিলের নামে যাতে শহরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুলিশ কোন ধরনের বাধা সৃষ্টি করেনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





