বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (০১ আগস্ট) দুপুরে ফকিরহাট উপজেলার খাজুর এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)। তারা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে।
দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এমবি





