ঢাকা দক্ষিণের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেন, আমি বলেছিলাম নগরপিতা হিসেবে নই, আপনাদের সন্তান হিসেবে কাজ করব। তাই আসুন, আপনারা সন্তানের পাশে দাঁড়ান।
সকলে মিলে কাজ করে শহরটিকে এগিয়ে নিয়ে যাই। ঢাকার উন্নয়নকে আমরা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখবো না। ঢাকাবাসীর সমস্যা সমাধানে সবাই এক হয়ে কাজ করব। রাজনীতি যার যার, মেয়র সবার।’
রোববার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যারা ভালোবেসে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই শহরের দায়িত্ব দিয়েছেন। আমি এ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছি। তাই আমি জানি, এর সমস্যা কোথায়। ঢাকা হাজারো সমস্যায় জর্জরিত শহর।’
তিনি বলেন, ‘হাজারো সমস্যার মধ্যেও একটি বাসযোগ্য শহর গড়তে আপনাদের সহযোগিতা কামনা করি। কথা দিচ্ছি, একটি বাসযোগ্য সুন্দর শহর আপনাদের উপহার দেবো। শত সংকটেও ঢাকাবাসী যেভাবে নিজেদের এগিয়ে নিয়ে যান, আপনাদের সঙ্গে আমার পথচলাও থেমে থাকবে না।’
উত্তর সিটি মেয়র আনিসুল হক এতে বলেন, ‘আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমার নয়, গোটা ঢাকাবাসীর। আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দিতে পারেননি, সকলেই আমার কাছে সমান।’
তিনি বলেন, ‘আমরা যারা দায়িত্ব নিয়েছি, সঠিকভাবে তা পালন করব। তবে আমাদের একার পক্ষে তা সামলানো সম্ভব নয়। তাই আমি সব শ্রেণি পেশার মানুষের কাছে সহযোগিতা চাই।’
এ সময় বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অনেক সমস্যা। তাই এই সমস্যা আপনাদেরও। সমস্যা সমাধানে আপনাদের কাজ করতে হবে। আপনারা স্মার্ট, তাই আমরা আশা করবো এই শহরটিকেও স্মার্ট করে তুলবেন, যানজটমুক্ত করবেন।’
বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, ‘আপনারা ঢাকা শহরের মানুষের জন্য কাজ করবেন। ঢাকা শহরের মানুষের চাহিদা কম। তারা শুধু রাতে শান্তিতে ঘুমাতে চান আর নিরাপদে কর্মস্থলে যেতে চান। তাই তাদের এই ছোট্ট চাহিদাটুকু পুরণে সচেষ্ট হবেন- এই আশা করি।’
বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরী এ সময় বলেন, ‘আমরা আশা করি আপনারা ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন আনবেন। শুধু ব্যবসাই নয়, সবক্ষেত্রে সাধারণ মানুষের কথাও মনে রাখবেন। যাতে সকলে আপনাদের মনে রাখে।’
বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, সাবেক সভাপতি সালাম মুর্শেদী, সাবেক সহসভাপতি টিপু মুন্সী, আইসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বিজিসিসিআইয়ের সাবেক সভাপতি আবু শাখাওয়াতসহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন,।
এসএইচ





