সাভারে সম্মেলনকে কেন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাভারের চাপাইন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও একই ইউনিয়নের সভাপতি নুরুল আমিন রানার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রানার লোকজন সরোয়ারে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
আহত সারোয়ার জানান, তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সমর্থন করায় একই ইউনিয়নের সভাপতি নুরুল আমিন রানার সঙ্গে তার অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল।
এদিকে গত ২৬ নভেম্বর সাভার উপজেলার ত্রি-বার্ষিকী সম্মেলন শেষ হওয়ার পর সকালে নুরুল আমিন রানা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
পরে খবর পেয়ে সারোয়ারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের একদিন পর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।’
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেআই





