কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ।তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত ক্লিনিকে চিকিৎসা সেবা প্রয়োজন। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকগণ দাবী করেছেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা। কিন্তু সরকার চায়না বেগম জিয়া সুস্থ হউক। নির্দয় আওয়ামী সরকারে দু:শাসন চলছে বলেই এটা সম্ভব হচ্ছে।

তিনি আজ ২৭ এপ্রিল শুক্রবার বাদ জুমা নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এতে তিনি আরো বলেন, দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই। রাতের আধারে বিএনপি নেতা কর্মীরা অদৃশ্য হয়ে যায়।

সারাদেশে চলছে দুর্নীতি, দু:শাসন ও সন্ত্রাস। এই দুর্নীতি ও দু:শাসন থেকে

মুক্তি পেতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের শপথ নিতে হবে। আন্দোলনের মাধ্যমে গণবিরোধী ফ্যাসিষ্ট সরকারের কারাগার থেকে এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, কারাগারে বন্দি বেগম খালেদা জিয়ার উপর অবিচার চালাচ্ছে সরকার। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রীর জামিন নিয়েও নিষ্ঠুর আচরণ করছে এই অবৈধ সরকার।

বর্তমান সরকার মানবতা ও মানবিকতা বিবর্জিত। ন্যায়বিচার থেকে দেশের সকল মানুষ বঞ্চিত। প্রতিনিয়ত বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। এই স্বৈরাচার সরকার অতীতের সকল স্বৈরাচারী সরকারকে হার মানিয়েছে।

এ সময় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজি, মো. মিয়া ভোলা, হারুন জামান, ইকবাল চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আই চৌধুরী মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, তাতী বিষয়ক সম্পাদক মো.আলী, নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন খালেদ চৌধুরীসহ প্রমুখ।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক।

মাসুম/এসএম