কমলাপুরে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনাকে অনাকাঙিক্ষত ও দুঃখজনক উল্লেখ করে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন ‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট’। এছাড়া সোমবার দুপুরে সংঘটিত ওই ঘটনায় কাভার্ডভ্যান চালকের অসতর্কতাকেই দায়ী করেন মন্ত্রী।

দুপুরে কমলাপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন রেলপথমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ‘কাভার্ড ভ্যান ড্রাইভারের গাফলতি ছিলো। ড্রাইভারের অসতর্কতার কারণেই কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ট্রেনকে ধাক্কা দিয়েছে। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও মর্মান্তিক, তবে অ্যাক্সিডেন্ট ইস অ্যাক্সিডেন্ট। যারা ঢামেকে আহত অবস্থায় আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করবো।

ঘটনা সংঘটনের স্থানটি কমলাপুর রেলস্টেশনের এলাকার মধ্যে অবস্থিত উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই জায়গাটি রেল স্টেশনের ভেতরেই। তাই এখানে কোনো রেলক্রসিং নেই। কখনও রেল ক্রসিং ছিলোও না। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথাও জানান মন্ত্রী।

উল্লেখ্য, সোমবার দুপুরে কমলাপুরে ট্রেন-কার্ভাড ভ্যান সংঘর্ষে প্রাণ হারান কয়েকজন। এ ঘটনায় ট্রেনে কর্তব্যরত আনসার সদস্যসহ আহত হন বেশ কয়েকজন।

এএইচ