আসন্ন পৌরসভা নির্বাচনে আইনশৃংখলাসহ নির্বাচন পরিস্থিতি পর্যবক্ষণের জন্য ৭ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক (এনআইডি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ আবু সালেহকে প্রধান করে এই মনিটরিং সেল গঠন করা হয়।
এই কমিটি পৌর নির্বাচনে সারাদেশের আইনশৃংখলাসহ সামগ্রিক নির্বাচন পরিস্থিতি মনিটরিং করবে।
সোমবার দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ সদস্যের এই মনিটরিং কমিটির মধ্যে থাকছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, পুলিশের এসপি পর্যায়ের এক জন কর্মকর্তা, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মেজর পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ানের এসপি পর্যায়ের একজন কর্মকর্তা।
ইসি সূত্র জানায়, ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের দিন ইসির সম্মেলন কক্ষে বসে মনিটরিং কমিটির সদস্যরা অনলাইনে, টিভিতে, ফোন এবং অন্যান্য মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সূত্র জানায়, এই কমিটি নির্বাচনকালীন কোথায়ও অনিয়ম, বিশৃঙ্খলা গোচরিভূত হলে তারা দ্রুত নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং ইসি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এসএইচ





