নোয়াখালী জেলা শহরের পৌরবাজার এলাকায় হরতাল চলাকালে ইটের আঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ (সোমবার) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শামসুন্নাহার (৩৫) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের তাওহিদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষক। নিজ বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। নোয়াখালীর জেলা শহর মাইজদিতে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা এ ধরনের খবর পেয়েছেন।
প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই শামসুন্নাহারের মৃত্যু হয় বলে জানান পুলিশ সুপার ইলিয়াস শরীফ।
লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এএইচ





