ময়মনসিংহে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা নিহত এবং কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

সোমবার (০৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহর বাইপাস সড়কের ময়নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ শহর বাইপাস কেওয়াটখালি সড়কের ময়নার মোড়ে শেরপুর থেকে ঢাকাগামী সোনার ময়না পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে শাহজালাল পরিবহনের বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায় এবং অপর বাসটি রাস্তার ওপর দুমড়েমুচড়ে যায়।

তিনি আরো জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রুবাইয়া (৩৫) ও অজ্ঞাত আরো এক মহিলার মৃত্যু হয়। অপর ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ভর্তিকৃতরা জানায়, দুটি বাসের চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিল।

এমই