নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রহিমস্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে সুরুজ মোল্লা (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল শনিবার ভোর রাতে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত রহিম স্টিল মিলস লিমিটেড এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত সুরুজ মোল্লা মানিকগঞ্জের সদরের নব গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে। সে মিলের অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

রহিম স্টিল মিলের ম্যানেজার আকবর হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল শনিবার ভোর রাত তিনটার দিকে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিক ভাবে লিকেজ হয়ে যায়। এসময় বেশ কিছু পরিমাণ উত্তপ্ত গলিত লোহা ছিটকে ক্রেনচালক সুরুজ মোল্লা শরীরে পড়লে তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কারখানায় কর্মরত সুরুজ মিয়ার আরও দুই ভাই সেখানে কাজ করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষ ভাবে দেখেছেন। সুরুজ মিয়া ছাড়া আর কারো কোন ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। যে কোন দুর্ঘটনায় কোন শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তা হতাহত হলে মালিক পক্ষ ক্ষতিপূরণ দিয়ে থাকেন। পাশাপাশি তার পরিবারের স্বজনদের কর্মসংস্থানের
ব্যবস্থা করা হয়। নিহত সুরুজ মিয়ার ব্যাপারেও সে রকম পদক্ষেপ নেয়া হবে।

সোনারগাঁ থানার এসআই সলিমুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার
পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, গতকাল শনিবার সকালে রহিম স্টিল মিলে অগ্নি দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে আদমজী ইপিজেড স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে গিয়ে জানা যায়, অগ্নিকান্ড হয় নি। চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহার ফুলকি ছিটকে পড়ে ক্রেনচালক নিহত হয়েছেন। আর কেউ হতাহত হয় নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শাহ জালাল