নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ আলোচিত সাত খুনের মামলায় গ্রেফতারকৃত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩০ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে পূর্বনির্ধারিত তারিখে তাদের হাজির করা হয়।

আগামী ১১ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করে, আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে, তদন্ত-কর্মকর্তাকে ওই দিনই মামলার চার্জশীট দাখিলেরও নির্দেশ দেন আদালত।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র‌্যাব সদস্যসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওই ১৭ র‌্যাব সদস্যসহ ১৯ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই ডা. বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

জেআই