রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন ট্রলিচালক রাশেদুল (২৭), তাঁর সহকারী মিঠুন (২৩ ‍) ও কাঠ-ব্যবসায়ী টিটুল (২৫)। তাঁদের বাড়ি উপজেলার সেরুডাঙ্গা গ্রামে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মণ্ডল জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ জানায়, তাজ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। কাঠবোঝাই ট্রলিটি বিপরীত দিক থেকে আসছিল। ফতেপুর এলাকায় যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

এআই