পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সন্ত্রাসী, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু জনসমর্থন নেই, জনগণ এগুলো অনুমোদন করে না, আর আমরাও আইনগত ব্যবস্থা নিয়েছি। আশা করি এই নাশকতা বেশিদিন টিকে থাকবে না।’
রোববার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘ট্রেনিং অন ট্রান্সপারেশন ক্রাইম সার্ক পার্সপেকটিভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘প্রায় দুই মাস ধরে চলা টানা হরতাল-অবরোধের সময় নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত পাঁচ শতাধিক দুর্বৃত্তকে আটক করা হয়েছে। এদের বেশিভাগই হরতাল অবরোধের সমর্থক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
নাশকতাকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের চাপে রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘পুলিশের দৃশ্যমান তৎপরতায় দেশে নাশকতা অনেক কমে গেছে।’ পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব স্তরের জনগণ সজাগ হলে এই নাশকতা দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন আইজিপি।
২১ দিনব্যাপী এ প্রশিক্ষণে পাকিস্তান, আফগানিস্তান ছাড়াও সার্কভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এএইচ





