গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৮৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৫১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৩৩ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ০১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ১০১ জন। অপরদিকে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৮৯ জন।
এমবি





