নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি শীষমহলে ট্রাক চাপায় রিদিমা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চাচীর সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বেপরোয়া একটি ট্রাক চাপা দিলে তার মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহত রিদিমা শীষমহল এলাকার উত্তম কুমার দাসের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ধর্মগঞ্জ থেকে ফতুল্লাগামী বেপরোয়া একটি ট্রাক (ঢাকা ট-১১-৩৩৯৪) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত রিদিমাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ট্রাক চালককে আটক করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ





