গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন এবং গতকাল ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ, গতকাল এই হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৩১ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।

শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭৯৮টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৭০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৬০৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৬৯ হাজার ৩৫৬টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী ৯ জন। দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৬৮ জন এবং নারী ৯ হাজার ৮৬৩ জন।

এমবি