ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌন হয়রানির অভিযোগে বুধবার দুই স্কুলছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হল— সাতৈর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ময়না ইউনিয়নের বান্দুগ্রামের জব্বার শেখের ছেলে সজল শেখ (১৬) ও একই গ্রামের শুকুর শেখের ছেলে আনোয়ার হোসেন (১৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
উপজেলা সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, ঘোষপুর ইউনিয়নের এক জেএসসি পরীক্ষার্থী সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ওই দুই স্কুলছাত্র পৌর সদরের চৌরাস্তায় নসিমন আটকিয়ে হাত ধরে টানাহেঁচড়া করে। পরে নসিমনে থাকা অন্য পরীক্ষার্থীরা বাধা দিলে তারা চলে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই মেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে আমি পুলিশ পাঠিয়ে চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে এ দণ্ড দিয়ে জেলহাজতে পাঠাই।
কেএইচ





