টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিশাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বল্লা-রতনগঞ্জ সড়কে গান্ধিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশাল উপজেলার মমিন নগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। আহতরা হলেন- স্বাধীন (২২) ও জাহিদ (১৭)। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বল্লা বাজার থেকে মিশাল তার দুই বন্ধু স্বাধীন ও জাহিদকে নিয়ে মোটরসাইকেলে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলো। পথে গান্ধিনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তিনজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিশালকে মৃত বলে ঘোষণা করেন।

ওএফ