লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় শহিদার রহমান (৪৫) নামে এক অটোবাইক যাত্রী নিহত ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটগ্রামের কলেজ গেট রেল ক্রেসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদার রহমান পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার আমির আলীর ছেলে ও পেশায় ভ্যানচালক ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জমান জানান, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় ওই রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল।
এসময় একটি অটোবাইক রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে মাঝপথে চাকা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোবাইকটি দুমরে-মুচড়ে পাশে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই শহিদার রহমান মারা যান ও ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





