একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বুধবার (২৪ এপ্রিল)। বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

এর আগে বিকাল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে দ্বিতীয় অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে।

সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আগামীকাল বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হবে।

দেশের তরুণ সমাজের দীর্ঘদিনের দাবি হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো।

এ নিয়ে এই অধিবেশনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সিদ্ধান্ত প্রস্তাব আনা হতে পারে।

প্রস্তাবটি আনবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন। এতে তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছরের প্রস্তাব করবেন।

ইতোমধ্যে সংসদের আইন শাখা-২ সিদ্ধান্ত প্রস্তাবটি জমা দিয়েছেন তিনি। সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহীত হলে এ নিয়ে সরকারের কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা-২ এর সূত্র জানায়, এমপিদের আনা সিদ্ধান্ত প্রস্তাবে মন্ত্রী একমত না হলে তিনি ব্যাখ্যা করে সেই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ করেন।

একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়। ২৬ কার্যদিবস চলা ওই অধিবেশন শেষ হয় গত ১১ মার্চ।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এজন্যই জুনে বাজেট অধিবেশন শুরুর আগে নিয়ম রক্ষার্থে এই অধিবেশন ডাকা হয়েছে।

এএস