বরগুনার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মো: মফিজুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশের এক এএসআইকে প্রকাশ্যে শতশত জনতার সামনে থাপ্পড় মারার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মফিজুল ইসলাম বলেন, এএসআইকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনা তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। এই তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

ওসি ইলিয়াছ আলী তালুকদারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে তাকে এই প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর কারাবন্দী সিফাতের মুক্তির দাবিতে শনিবার বামনায় আয়োজিত মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ।

এ সময় কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে থাপ্পড় মারেন বামনা থানার ওসি ইলিয়াছ হোসেন তালুকদার। এ ঘটনাটির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

এমবি