আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। ছবি: বাসস

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ড. ইভারস আইজাবস বলেন, 'ইইউ একটি নিরপেক্ষ ও নির্দলীয় অবস্থান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং পুরো প্রক্রিয়াটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য কি না, তা নিবিড়ভাবে মূল্যায়ন করবে।'

তিনি বলেন, 'আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবো। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।'

ড. ইভারস আইজাবস বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং নির্বাচনের পুরো সময় জুড়ে তারা কাজ করবেন। নির্বাচন শেষে নির্বাচনের সব দিক নিয়ে একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাংলাদেশকে একটি বৈচিত্র্যময় ও বহুত্ববাদী সমাজের দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুধু ঢাকায়ই নয়, ইইউ প্রতিনিদল দেশের অন্যান্য অংশেও নির্বাচন পর্যবেক্ষণ পরিচালনা করবে।

নির্বাচন-পূর্ব পরিবেশ সম্পর্কে জানতে চাইলে প্রধান পর্যবেক্ষক বলেন, মিশনের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে।

নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে ড. ইভারস আইজাবস বলেন, পদ্ধতিগত দিকগুলোকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, 'পদ্ধতিগত দিকগুলো হলো ভোটার নিবন্ধন, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ পরিচালনা এবং পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা।'

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের কাছে নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন এবং সংসদীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনসহ সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন।

তিনি বলেন, 'তারা আমাদের কাছে প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন এবং সব চ্যালেঞ্জের কথা বলেছেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ইইউ'র প্রধান পর্যবেক্ষক।

তিনি আরও বলেন, 'কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করছি।'

ড. ইভারস আইজাবস বলেন, ''২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে এক ঐতিহাসিক নির্বাচন।'

এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধিদল সম্পর্কে তিনি বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ'র ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।'

ড. ইভারস আইজাবস আরও জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন রবিবার ঢাকার রেনেসাঁ হোটেলে তাদের আনুষ্ঠানিক উদ্বোধনী সংবাদ সম্মেলন করবে।

বক্তব্যের উপসংহারে তিনি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় এই নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, 'আমি এখানে উপস্থিত থাকতে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া একসঙ্গে পর্যবেক্ষণ করতে আগ্রহী।'

এমএম