বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাগত ও অভ্যর্থনা জানাতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থান করা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুপ মোল্লা টিপু।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বেগম খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এসময় বিএনপির বিপুল নেতাকর্মী সঙ্গে রয়েছেন। খালেদা জিয়ার বহরে রয়েছে কয়েক’শ গাড়ি। প্রশাসনের পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
খালেদা জিয়ার রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনের সফরকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে অবস্থান করতে।’





