গাজীপুরের কালিয়াকৈরে আগামীকাল রোববার অর্ধদিবস হরতাল পালন করবে উপজেলা আওয়ামী লীগ। গত শুক্রবার শোক দিবসের অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে হত্যার ঘটনার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ সভায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।
এঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস সড়ক এলাকায় দলীয় নেতা কর্মীরা নিহতের লাশ নিয়ে মিছিল ও সমাবেশ সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধের ফলে ওই সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে নেতা কর্মীরা কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করে।
ওই প্রতিবাদ সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল আহবান করা হয়।
এ সময় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাছেল, এ্যডভোকেট বেলায়েত হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রানা, উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া, এ্যডভোকেট হারুন অর রশিদ প্রমুখ।
পরে ওই সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রানা রোববার অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।
পরে কালিয়াকৈর গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টার দিকে নিহতের নামাজে জানাজা শেষে চাপাইর গ্রামে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে পুলিশ যুবলীগ নেতা হত্যা কাণ্ডের ঘটনায় গত রাতেই সোহেল ও হোসেন নামে দুইজনকে আটক এবং (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৪০৫) নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করেছেন।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া বলেন, যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নিহতের ঘটনায় রোববার অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এমকে





