গাজীপুরে জামায়াত- শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে দলটি মিছিল বের করলে জামায়াতকর্মীসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

গুলিবিদ্ধের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান (৪০) রয়েছেন। বাকিদের নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নেতা তানভীর আহমেদ জানিয়েছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

অপরদিকে উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে চান্দনা চৌরাস্তায় মসজিদের গলি থেকে মহানগর জামায়াতে ইসলাম একটি মিছিল বের করে। সংবাদ পেয়ে পুলিশ মিছিলটিকে ধাওয়া করলে জামায়াতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সৃষ্ট সংঘর্ষে ৪ জামায়াত- শিবিরকর্মী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে একজন পুলিশও রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক পাঁচ জনের নাম- পরিচয় পাওয়া যায়নি।

তবে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নেতা তানভীর আহমেদ জানান, আটকদের মধ্যে নাজিমউদ্দিন জামায়াতকর্মী। অন্য পাঁচজন নিরীহ পথচারী। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হোসেন রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন জামায়াতকর্মী আটক করা হয়েছে।

কেএইচ