প্রায় ১০ বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার। কাউন্সিল উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, রাজশাহী মেডিকেল কলেজ অডিটেরিয়ামে সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাউন্সিল উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান ও জুনাইদ আহম্মেদ পলক।

সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান।

কাউন্সিলে লিটন নিজেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেন। সম্মেলনে সর্বমোট ৩৯৫ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে অংশ নেবেন।

দলীয় সূত্রমতে, লিটন ছাড়াও এবার কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী এরকম অন্তত মহানগর আওয়ামী লীগের অর্ধডজন নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে। তবে সভাপতি পদে লিটনের প্রতিদ্বন্দ্বী হিসেবে জেলা প্ররিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর নামই শোনা যাচ্ছে প্রকাশ্যে।

সাধারণ সম্পাদক পদ পেতেও তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন মহানগর আওয়ামী লীগের অর্ধডজন নেতা। সাধারণ সম্পাদকের দৌড়ে থাকা এ সব নেতার মধ্যে রয়েছেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. তবিবুর রহমান শেখ, সহ-সভাপতি আলহাজ রফিক উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ডাবলু সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি কামারুজ্জামান ও সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। তবে সংবাদ সম্মেলনে কামারুজ্জামান ও সরিফুল ইসলাম বাবু প্রার্থী হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০০৫ সালের ১৬ ও ১৭ জানুয়ারি। সম্মেলনে সভাপতি পদে মাসুদুল হক ডুলু এবং সাধারণ সম্পাদক পদে এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছিলেন।

জেআই