বাংলাদেশের জলভাগ এবং স্থলভাগের আয়তন সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে রোববার (৩১ জানুয়ারি) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন।
ক্ষমতাসীন দলের সাংসদ এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে বা অন্য কোনো সরকারি সংস্থার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জলভাগ এবং স্থলভাগের আয়তন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।” খবর ইউএনবি’র।
সাইফুজ্জামান বলেন, দেশের জনগণের কল্যাণে কৃষিজমি, বনভূমি এবং জলাভূমি সংরক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যক্তি ও পরিবারভিত্তিক কৃষিজমির মোট পরিমাণ ৮.২৫ একর বা ২৫ বিঘা পর্যন্ত হলে কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না।
এই ছাড়ের আওতায় আখ চাষ, লবণ চাষের জমি এবং কৃষকের পুকুর (বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত) অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রী জানান।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৪৭ জনের নামে গেজেট প্রকাশিত হয়েছে। এদের মধ্যে প্রায় ১ লাখ ৯১ হাজার ৯৯৮ জন সম্মানি ভাতা পাচ্ছেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাওয়ার জন্য ৩৩ ধরনের প্রমাণের যে কোনো একটিতে নাম থাকলেই ভাতা প্রাপ্য হবে। এক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সেটি যাচাই-বাছাই শেষে চূড়ান্তকরণের পর ভাতা প্রাপ্য হবেন।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ৯০টি বিক্রয় প্রতিনিধির (ট্রাভেল এজেন্ট) কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বকেয়ার পরিমাণ ৪১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা।
সংরক্ষিত আসনের মনিরা সুলতানার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বর্তমানে বনের পরিমাণ সারা দেশের ভূমির ১৪.১০ শতাংশ।
এমবি





