প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের সম্পদ কেড়ে নিয়ে লুটপাট করতে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে পটুয়াখালীর লেবুখালীতে নতুন সেনানীবাসের উদ্বোধন উপলক্ষ্যে দেয়া এক ভাষণে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, দেশের মানুষ উন্নয়নের স্বাদ ভোগ করতে শুরু করেছেন। দেশের সর্বস্তরের মানুষ এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও আজ ডিজিটাল সুবিধা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ অনেক দূর এগিয়ে গেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মান কাজ চলছে। এই সেতুর নির্মানে বিশ্বব্যাংকের অর্থ লুটপাট করা হতে পারে-এমন অভিযোগ এনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল যা শেষমেষ মিথ্যা প্রমাণিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হবে। সব মানুষের কাছে বিদ্যুত সুবিধা পৌছে দেয়া হবে।

সেনাবাহিনীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের শাসনের বাইরে বিগত ২১ বছর যারা দেশ শাসন করেছেন তারা সেনাবাহিনীর উন্নয়নে কোনো কাজ করেননি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেনাবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।  

কেবি