বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ডায়েরিতে প্রধান মন্ত্রীর নামের বানান ভুল।
প্রধান মন্ত্রীর নামের বানানে ভুলের ঘটনায় বিভিন্ন মহলসহ ক্যাম্পাসের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনার মুখে পরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানেও ভুল করা হয়েছিল।
জানা যায়, চলতি বছরের ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে বার্ষিক ডায়েরি বিতরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ডায়েরির ১৫নং পাতায় বিশ্ববিদ্যালয়ের পরিচিতি অংশের শেষ লাইনের আগের লাইনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামের বানানে শেখ হাসিনার জায়গায় “শেখ হসিনা” ছাপানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জননেত্রী পরিষদের সভাপতি গোলাম রব্বানি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানই ভুল নয় এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানেও ভুল করা হয়েছিল।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘আমরা ডায়েরির বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’।
এ ব্যাপারে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইভান/এএস





