শিল্পাঞ্চল আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় স্থানীয়রা ঘাতক বাস দুটিকে আটক করলেও চালকেরা পালিয়ে যায়।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল আশুলিয়ার বিশমাইল এলাকায় বসবাস করে। গত এক বছর ধরে সাভারে মোবাইলফোন অপারেটর বাংলালিংক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিল।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, বিকালে নবীনগর বাসস্ট্যান্ডে দুটি বাস সাইফুলকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাস দুটিকে আটকসহ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ