সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত বুধবার চীনা জাহাজ ‘নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরে লাইটার জাহাজের মাধ্যমে ধাপে ধাপে তেল খালাস করে রিফাইনারিতে নেওয়া হয়। প্রয়োজনীয় প্রায় ১৬ হাজার টন অপরিশোধিত তেল পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে পুনরায় উৎপাদন শুরু করে ইস্টার্ন রিফাইনারি।

বর্তমানে প্রতিদিন ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টন তেল পরিশোধনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। পর্যাপ্ত তেল পৌঁছানোর পরই পরিশোধন কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি বলেন, “পূর্ণ সক্ষমতায় তেল পরিশোধনের পর শনিবার থেকেই চাহিদা অনুযায়ী পরিশোধিত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।”

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের বন্দরে আটকে পড়ে অনেক ক্রুডবাহী জাহাজ। ফলে প্রায় আড়াই মাস দেশে কোনো অপরিশোধিত তেল না আসায় গত ১৫ এপ্রিল বন্ধ হয়ে যায় দেড় লাখ টন পরিশোধন সক্ষমতার এই রিফাইনারি।

পরে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। দীর্ঘ যাত্রা শেষে ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় সেটি।

এস