রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউন বিরোধী দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (০৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও দোকান মালিকরা সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।

ব্যবসায়ীরা জানিয়েছে, যেখানে বেশিরভাগ যানবাহন চলছে, অফিস-কারখানা-বইমেলা খোলা রাখার সুযোগ দেয়া হয়েছে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে দোকান-মার্কেট খোলা রাখার সুযোগ দেয়া হোক।

এর আগে রোববার (০৪ এপ্রিল) ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, নীলক্ষেত, মিরপুর, উত্তরার দোকান মালিক ও ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন।

নিউমার্কেটের ব্যবসায়ী আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসা হয় এই সময়ে, ঈদের আগের দুই মাসে। গত বছর আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবারো যদি এই সময় মার্কেট বন্ধ থাকে, তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে।” তিনি বলেন, যেভাবে বিশেষ বিবেচনায় শিল্প-কারখানা চালু রাখা হয়েছে, সেভাবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার সুযোগ দেয়া হোক।

এমবি