ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটের উত্তরপাড় এলাকায় বরিশালগামী একটি ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এঘটনা ঘটে। এই ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা সবাই ধান কাটার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের সবার বাড়ি মুকসেদপুর উপজেলায়। মৃতদেহ আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে বরিশালগামী ডাল বোঝাই ট্রাকটির সঙ্গে টেকেরহাটগামী যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই চার নছিমন যাত্রী নিহত হন। আরো আহত হয় ৭ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় রাজৈর ও মুকসেদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেএইচ/ এআর