পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ এখন অনেক নিরাপদ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছে।
তাই বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে ছুটে আসছেন।বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাবেদ পাটোয়ারী বলেন, একটি দেশের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সেই লক্ষ্যে দেশের মানুষ তাদের জীবনমান উন্নয়নে বেশ ভালোই আছে।
আইজিপি আরও বলেন, আমাদের পূর্বসূরীরা রাজারবাগ পুলিশ লাইনে দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন কিছু পাওয়ার আশা না করে। এই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবর্তীতে বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রমাণ করেছে তাদের দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ।
আপনারা দেখেছেন, ২০১৩-২০১৬ এবং কিছু দিন আগেও সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ সদস্যরা মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমরা সর্বক্ষেত্রেই চেষ্টা করেছি- এই দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করার জন্য।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য একটি রোল মডেল। বিভিন্ন দেশের পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে সম্ভব করলে। এতো অল্প সময়ে এতো ব্যাপকভাবে জঙ্গিবিরোধী যে অভিযান করেছ সফলভাবে সেটি কিভাবে সম্ভব হয়েছে- এটা অনেকের কাছেই বিস্ময়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মাঈনুল হাসান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ. সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ।
এরপর তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে যোগ দেন।
প্রসঙ্গত, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়রীর বাড়ি চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে।
এমআর





