ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মাননীয় স্পিকারের সাথে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে স্পিকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এতে বলা হয়েছে, সাক্ষাতের সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার-এর সঙ্গে নির্বাচন কমিশনার মহোদয়গণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

এ ছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে মাননীয় স্পিকারের দফতরে অবস্থান করবেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ প্রসঙ্গে আলোচনার নিমিত্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এমএম