নারায়নগঞ্জের বন্দর থানায় ড্রেনে কাজ করার সময় দেয়াল চাপায় দুলালী (৩০) ও মো. হৃদয় (২৮) নামের ২ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় পারভীন (২৪) নামের অপর ১ শ্রমিক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুলালীর স্বামী আলতাফ হোসেন বলেন, আমরা একই সঙ্গে কাজ করি। বন্দরের লক্ষণপুর স্কুলের পাশে ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে ৩ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ৩ জনকে জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুলালী ও হৃদয়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

অপর এক শ্রমিক চাঁন মিয়া বলেন, ‘সিটি করপোরেশনের ড্রেনের কাজ নেন রাসেল নামের এক ঠিকাদার।সেখানে আজ কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে। সেসময় আমি দৌড় দিয়ে ঐখান থেকে সরে আসলেও তারা ৩ জন চাপা পড়ে।’

তিনি আরও জানান, নিহত ২ জনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার বালাহাটা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আহত শ্রমিক পারভীনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ২ টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এইচএন