খুলনার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফ সরদার (২৯) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় নগরীর বড় বাজারের মুরগি পোট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরিফ খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্পেশাল কোম্পানির একটি টিম বড় বাজারের মুরগি পোট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দোকানের সামনে থেকে আরিফ সরদারকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি কালো রংয়ের হ্যান্ড ব্যাগের মধ্যে খবরের কাগজ দিয়ে মোড়ানো একটি একনলা বিদেশি বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআই