গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল আলম শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয় তারা হলেন- ধোপাডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান রাজু ও একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এটিএম মাহাবুল আলম।

এর মধ্যে আ্যডভোকেট মো. মোখলেছুর রহমান রাজুর কাছে থেকে দুই হাজার ও ইঞ্জিনিয়ার মো. এটিএম মাহাবুল আলমের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল আলম জানান, চেয়ারম্যান প্রার্থী আ্যডভোকেট মো. মোখলেছুর রহমান রাজু কাগজ দিয়ে নৌকা প্রতীক তৈরী করে রাস্তার পাশে ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। যা নির্বাচনী অচরণবিধি লঙ্ঘন। তাই তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এটিএম মাহাবুল আলম নির্বাচনী প্রতিশ্রুতী হিসেবে ইউনিয়নে একটি অ্যাম্বুলেন্স দেন। এ কারণে তার কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসটি