কুষ্টিয়ার দৌলতপুরের শেহালা মাঠ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহিদুল ইসলাম ফিদা’র (৪০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠের মধ্যে শহিদুল ইসলাম ওরফে ফিদার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শহিদুল ইসলাম ফিদা শেহালা গ্রামের পচার ছেলে।তার বিরুদ্ধে দৌলতপুর ও গাংনী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাসী হামলা ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শেহালা গ্রামের আন্তজেলা ডাকাত দলের সদস্য শহিদুল ইসলামকে কে বা কারা গলা কেটে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





