আনন্দমোহন কলেজে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের হামলা ও ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ক্বাফীর সমাবেশে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে জেলা ছাত্র ইউনিয়ন। এসময় তারা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুর রব মোশারফ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিউর রহমান, ছাত্র ইউনিয়নের ময়মনসিংহ জেলা সভাপতি শেখ সাদনুর অপি, ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক অজিত দাস প্রমুখ।

বক্তারা আনন্দমোহন কলেজে ও নির্বাচনী সমাবেশে নির্বিচারে ছাত্রলীগ-যুবলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বায়ান্নের ভাষা আন্দোলন থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে কিন্তু সরকারী সন্ত্রাসী বাহিনী তা সহ্য হয় না বলেই তারা আমাদের কার্যক্রমে হামলা চালায়।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে বলেন, সময় থাকতে ছাত্রলীগ নামধারী কুকুরদের থামান, না হলে এর প্রতিদান একদিন পাবেন। হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

এআর