এরশাদ যখন খালেদা জিয়াকে ১ টাকায় গুলশানে একটি বাড়ি আর ক্যান্টনমেন্টের ভিতরে সাড়ে ২২ বিঘা জমি দিয়ে দেয় তখন এরশাদ ভালো মানুষ। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করে তখন এরশাদ হয়ে যায় খারাপ মানুষ। বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, এরশাদ আমলের মন্ত্রী মওদুদ আহমদকে নিয়ে বিএনপি গণতন্ত্র বাঁচিয়ে রেখেছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাও তাকে নিয়ে গণতন্ত্র রক্ষা করছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিম ও এতিমখানার টাকা চুরি করায় জেল খাটছেন। তাকে কখন জামিন দিবে এটা আদালতের এখতিয়ার।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারেয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, সাবেক মেয়র নূরুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবাষির্কী সম্মেলনে যোগ দেন।

এসএম