এডিস মশা নিধনের বিদেশি ওষুধের নমুনা আজই বিশেষ বিমানে করে দেশে আসছে।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ চলাকালীন আজ বৃহস্পতিবার হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চকে আইনজীবীরা আরও জানান, বিদেশ থেকে আনা এই নমুনা ওষুধের কার্যকারিতার প্রাথমিক পরীক্ষা মহাখালীর একটি ল্যাবরেটরিতে চালানো হবে।

একইসঙ্গে ওই নমুনা ওষুধের কার্যকারিতার ওপর মহাখালীর একটি ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে পরীক্ষা চালানো হবে বলেও তারা আদালতকে জানান।

আদালতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

একইসঙ্গে নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মূলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

এর আগে গত ২৫ জুলাই এডিস মশা নিধনে কার্যকর ওষুধের ডোজ বাড়াতে ঢাকার দুই সিটিকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। নির্ধারিত সময় পর এ বিষয়ে অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেয়া হয়।

এএস