নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের টুনিপাড়া এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত যুবক আরিফুল ইসলাম (৩০) মারা গেছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আরিফুল ইসলাম উপজেলার টুনিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মশিবুল আজাদ জানান, আরিফুলের প্রতিবেশী নাজমুলের গর্ভবতী স্ত্রী সন্তান প্রসবের জন্য বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাতে ভর্তি হন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র ভুলে বাড়িতে রেখে আসেন।

রাত ১১টার দিকে ওই কাগজপত্র আনার জন্য নাজমুল ও আরিফুল হাসপাসপাতাল থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বাহিমালী হাড়োয়া ব্রিজের উপর একদল ছিনতাইকারী রশি দিয়ে রাস্তায় বেড়িকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে নাজমুল ও আরিফুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর জখম অবস্থায় আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় শুক্রবার ভোরে আরিফুল মারা যান।

এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সার্জন ফুয়াদ লোহানী জানান, মৃতদেহ রাজশাহী থেকে এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। পুলিশের কাছে কেউ অভিযোগও করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

কেএইচ