আওয়ামী লীগের দু’গ্রপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি বাজারে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাতসাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের ফজলুর রহমান ফজলু ও যুগ্ম সম্পাদক আববুবক্কর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপই ব্যাপক গোলাগুলি চালায় বলে স্থানীয়রা জানান।
সংঘর্ষের সময় ১৫-২০টি দোকান ও ৬-৭টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আমীনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সংসদ সদস্য (পাবনা-৩ আসন) খন্দকার আজিজুর রহমান আরজু বলেন, এটা তাদের ব্যক্তিগত বিরোধ। আমি মিমাংসার চেষ্টা করছি।
জেএ





