নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমারী ব্রিজ এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে মোহাম্মদ আলী (৩০) নামে এক নওমুসলিম নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তানভীর হায়দার চৌধুরীসহ কমপক্ষে ছয়জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী জেলা শহরের কান্দিভিটা এলাকার অলক দেবের ছেলে।

আহত তানভীর হায়দারকে গুরুতর অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। তার বাড়ি নাটোর শহরের কান্দিভিটা এলাকায়। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা বাসের যাত্রী।

বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। এতে আহত হন তানভীর হায়দারসহ আরো অন্তত ছয়জন।

কেএইচ