চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।
আহতরা হলেন-ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।
ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা লাইন সংস্কারের কাজ করছে।





